বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে হাইতির বিপক্ষে অবশেষে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছে ব্রাজিল। ম্যাচের ২৩তম মিনিটে মাতেউস কুনিয়ার গোলে এগিয়ে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ফিলাডেলফিয়ায় বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় শুরু হওয়া ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না সেলেসাওরা। তবে ২৩ মিনিটে সেই অপেক্ষার অবসান ঘটে।
ডান প্রান্ত দিয়ে আক্রমণে উঠে হাইতির বক্সে ঢুকে শট নেন ভিনিসিয়ুস জুনিয়র। হাইতির গোলরক্ষক জনি প্লাসিড প্রথম শটটি প্রতিহত করতে সক্ষম হলেও ফিরতি বলে দ্রুত ঝাঁপিয়ে পড়েন মাতেউস কুনিয়া। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের নেওয়া শট জালে জড়িয়ে গেলে ১–০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।
আরও পড়ুনঃ শুরুতেই রাফিনিয়ার গোল বাতিল
এর আগে ২২তম মিনিটে গোল করার দুর্দান্ত সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি রাফিনিয়া। ডান দিক থেকে পাওয়া থ্রু পাসে হাইতির গোলরক্ষককে একা পেয়ে যান বার্সেলোনা তারকা। গোলরক্ষককে চিপ করে বল পাঠালেও অবিশ্বাস্যভাবে ফাঁকা পোস্ট লক্ষ্যভ্রষ্ট করেন তিনি।
রাফিনিয়ার হতাশা অবশ্য শুরু হয়েছিল আরও আগে। ম্যাচের ১২তম মিনিটে বাঁ পায়ের শটে বল জালে পাঠিয়ে উদ্যাপনও করেছিলেন তিনি। কিন্তু ভিডিও পর্যালোচনার পর অফসাইডের সিদ্ধান্ত দেন রেফারি। ফলে গোলটি বাতিল হয়ে যায় এবং লিড নেওয়ার সুযোগ হারায় ব্রাজিল।
মরক্কোর বিপক্ষে ড্র করার পর প্রথম জয়ের লক্ষ্য নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। সেই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। দল থেকে বাদ পড়েছেন ইবানিয়েজ ও ইগর থিয়াগো। তাদের জায়গায় সুযোগ পেয়েছেন দানিলো ও গোলদাতা মাতেউস কুনিয়া।
আরও পড়ুনঃদলের সঙ্গে যোগ দেননি নেইমার, হাইতির বিপক্ষে খেলা হচ্ছে না
ম্যাচের আগে আনচেলত্তি একাদশে ‘দুটি বা তিনটি’ পরিবর্তনের আভাস দিয়েছিলেন। শেষ পর্যন্ত পরিবর্তিত দল নিয়েই মাঠে নেমে কাঙ্ক্ষিত শুরু পেয়েছে ব্রাজিল।
হাইতির বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে রয়েছেন গোলরক্ষক আলিসন। রক্ষণভাগে দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস ও দগলাস সান্তোস। মাঝমাঠে খেলছেন কাসেমিরো, ব্রুনো গিমারাইস ও লুকাস পাকেতা। আর আক্রমণভাগে রয়েছেন রাফিনিয়া, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।
রাফিনিয়ার বাতিল হওয়া গোল ও মিস করা সুযোগের পর শেষ পর্যন্ত কুনিয়ার গোলেই স্বস্তি ফিরে পায় ব্রাজিল শিবির। ম্যাচের প্রথমার্ধে এগিয়ে থেকে নিজেদের প্রথম জয়ের পথে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে সেলেসাওরা।

