কুনিয়ার জোড়া গোলে হাইতির বিপক্ষে বড় জয়ের পথে ব্রাজিল!

জিটি রিপোর্ট

প্রকাশ:

কুনিয়ার জোড়া গোল
কুনিয়ার জোড়া গোল|ছবি: সংগৃহীত

বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে হাইতির বিপক্ষে দাপট দেখাচ্ছে ব্রাজিল। মাতেউস কুনিয়ার জোড়া গোলে প্রথমার্ধেই ২–০ ব্যবধানে এগিয়ে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে আক্রমণাত্মক ফুটবল খেলে বড় জয়ের ইঙ্গিত দিচ্ছে কার্লো আনচেলত্তির দল।

৩৬তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন কুনিয়া। মাঝমাঠ থেকে দুর্দান্ত এক আক্রমণের সূচনা করেন ভিনিসিয়ুস জুনিয়র। দ্রুতগতিতে বাঁ দিক দিয়ে এগিয়ে যাওয়া কুনিয়াকে নিখুঁত ডিফেন্সচেরা থ্রু পাস দেন তিনি। সেই বল ধরে হাইতির রক্ষণভাগকে পেছনে ফেলে বাঁ পায়ের শটে বল জালে জড়িয়ে দেন কুনিয়া। তাঁর গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল।

আরও পড়ুনঃ কুনিয়ার গোলে এগিয়ে গেল ব্রাজিল

এর আগে ২৩তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন কুনিয়াই। ডান প্রান্ত দিয়ে বক্সে ঢুকে শট নেন ভিনিসিয়ুস। হাইতির গোলরক্ষক জনি প্লাসিড প্রথম শটটি ঠেকালেও ফিরতি বলে দ্রুত পৌঁছে যান কুনিয়া। কাছ থেকে নেওয়া তাঁর শট জালে জড়ালে ১–০ ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা।

দুই গোলের পেছনেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ভিনিসিয়ুস জুনিয়র। বিশেষ করে দ্বিতীয় গোলে তাঁর দূরদৃষ্টিসম্পন্ন পাস এবং আক্রমণ গড়ার দক্ষতা ব্রাজিলের আক্রমণভাগে নতুন প্রাণ এনে দেয়। ম্যাচের এই সময়টায় ব্রাজিলের আক্রমণকে অনেকটাই চেনা ছন্দে দেখা গেছে।

তবে ম্যাচের শুরুতে কিছুটা হতাশাও ছিল ব্রাজিল শিবিরে। ১২তম মিনিটে বাঁ পায়ের শটে বল জালে পাঠিয়েছিলেন রাফিনিয়া। কিন্তু ভিডিও পর্যালোচনার পর অফসাইডের সিদ্ধান্ত দেন রেফারি। ফলে গোলটি বাতিল হয়ে যায়।

এরপর ২২তম মিনিটে আরেকটি সহজ সুযোগ নষ্ট করেন বার্সেলোনা তারকা। ডান দিক থেকে পাওয়া থ্রু পাসে হাইতির গোলরক্ষকের মুখোমুখি হয়ে যান তিনি। চিপ শট নিলেও ফাঁকা পোস্টে বল রাখতে ব্যর্থ হন রাফিনিয়া।

রাফিনিয়ার দুর্ভাগ্য সেখানেই শেষ হয়নি। ম্যাচের ৪০তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তাঁর পরিবর্তে মাঠে নামেন বোর্নমাউথের ফরোয়ার্ড রায়ান।

আরও পড়ুনঃ দলের সঙ্গে যোগ দেননি নেইমার, হাইতির বিপক্ষে খেলা হচ্ছে না

মরক্কোর বিপক্ষে ড্র করার পর প্রথম জয়ের সন্ধানে হাইতির বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল। সেই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। ইবানিয়েজ ও ইগর থিয়াগোর জায়গায় সুযোগ পেয়েছেন দানিলো ও মাতেউস কুনিয়া। কোচের সেই সিদ্ধান্ত যে সফল হয়েছে, তা কুনিয়ার জোড়া গোলেই স্পষ্ট।

হাইতির বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে রয়েছেন আলিসন, দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারাইস, লুকাস পাকেতা, রাফিনিয়া, মাতেউস কুনিয়া ও ভিনিসিয়ুস জুনিয়র।

প্রথমার্ধের শেষ দিকে ২–০ ব্যবধানে এগিয়ে থাকা ব্রাজিল এখন নিজেদের প্রথম জয় নিশ্চিত করার পাশাপাশি বড় ব্যবধানে জয়ের দিকেও এগিয়ে যাচ্ছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!