মাঠে রেফারির সঙ্গে মেসির উত্তপ্ত বাগ্‌বিতণ্ডা, বেরিয়ে এলো গভীর রহস্য

জিটি রিপোর্ট

প্রকাশ:

 মেসি
মেসি |ছবি: সংগৃহীত

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে ম্যাচের ফলের পাশাপাশি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে লিওনেল মেসি ও পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনেইরোর মধ্যে হওয়া উত্তপ্ত বাগ্‌বিতণ্ডা। টেলিভিশন ক্যামেরায় ধরা পড়া সেই ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। পরে জানা যায়, মূল বিরোধের কারণ ছিল রেফারির কথা বলার ধরন।

প্রথমার্ধের এক পর্যায়ে সুইজারল্যান্ড একটি ফ্রি কিক পেতে গেলে রক্ষণ দেওয়ালে অবস্থান নিয়েছিলেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি। সে সময় নির্ধারিত দূরত্বে সরে যেতে বলেন রেফারি জোয়াও পেদ্রো পিনেইরো। তবে রেফারির কথা বলার ভঙ্গি ও অঙ্গভঙ্গি পছন্দ হয়নি মেসির। সঙ্গে সঙ্গেই তিনি প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আমাকে সম্মান দিয়ে কথা বলো।’

আরও পড়ুনঃ সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠলেও র‍্যাঙ্কিংয়ে অবনমন আর্জেন্টিনার

সেখানেই থেমে থাকেনি উত্তেজনা। ফ্রি কিক নেওয়ার পরও টিভি ক্যামেরায় দেখা যায়, রেফারির কাছে আবার এগিয়ে গিয়ে কথা বলছেন মেসি। ঠোঁটের নড়াচড়া দেখে বোঝা যায়, তিনি বলছিলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। ঠিকভাবে কথা বলুন, আমিও তো আপনাকে সম্মান দিয়েই কথা বলেছি।’

যদিও কথোপকথনের সময় মেসির কণ্ঠে দৃঢ়তা ছিল, আচরণে ছিল সংযম। পুরো সময় তিনি হাত পেছনে রেখে শান্তভাবেই নিজের অবস্থান তুলে ধরেন। মাঠে কোনো অসৌজন্যমূলক আচরণও করেননি আর্জেন্টাইন অধিনায়ক।

৩৮ বছর বয়সী পর্তুগিজ রেফারি জোয়াও পেদ্রো পিনেইরোর জন্ম ভিলা নোভা দে ফামালিসাও শহরে। বয়সে তিনি মেসির চেয়েও এক বছরের ছোট। ইউরোপের উদীয়মান রেফারিদের একজন হিসেবে পরিচিত পিনেইরো ২০১৫ সালে পর্তুগালের শীর্ষ লিগে রেফারিংয়ে অভিষেক করেন। এর এক বছর পরই ফিফার আন্তর্জাতিক ব্যাজ অর্জন করেন।

আরও পড়ুনঃ আর্জেন্টিনা–ইংল্যান্ড কি ক্রিকেটের ভারত–পাকিস্তান

এরপর ধীরে ধীরে ইউরোপের বড় বড় প্রতিযোগিতায় দায়িত্ব পালন করে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা ইউরোপা লিগ এবং ২০২৫ সালের উয়েফা সুপার কাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতা রয়েছে তার। সেই ধারাবাহিকতার ফল হিসেবেই ২০২৬ বিশ্বকাপের রেফারি প্যানেলে জায়গা পান এই পর্তুগিজ ম্যাচ অফিসিয়াল।

সুইজারল্যান্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে আর্জেন্টিনা এখন বিশ্বকাপের সেমিফাইনালে। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি রেফারির সঙ্গে মেসির এই সংক্ষিপ্ত বাক্‌বিতণ্ডাও ম্যাচের অন্যতম আলোচিত ঘটনায় পরিণত হয়েছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!