ডারউইন টেস্টে বাংলাদেশের ব্যাটারদের প্রতিরোধে যখন ধৈর্যের পরীক্ষা দিচ্ছিলেন অস্ট্রেলিয়ার বোলাররা, তখন মেহেদী হাসান মিরাজের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন মিচেল স্টার্ক। পিচের ‘প্রটেক্টেড এরিয়া’ দিয়ে দৌড়ানো নিয়ে মিরাজকে সতর্ক করার একপর্যায়ে অস্ট্রেলীয় পেসার বলে ওঠেন, ‘তুমি এখন আর বাংলাদেশে নেই, বুঝলে?’
ঘটনাটি বাংলাদেশের ইনিংসের ১০৩তম ওভারে, যা ছিল স্টার্কের ২১তম ওভার। পয়েন্টের দিকে বল ঠেলে দ্রুত একটি রান নেওয়ার চেষ্টা করেন মিরাজ। স্টার্কের ফলো-থ্রু ও মিরাজের দৌড়ের পথ একই হয়ে যাওয়ায় দিক পরিবর্তন করে পিচের মাঝামাঝি চলে আসেন বাংলাদেশি অলরাউন্ডার।
তাৎক্ষণিকভাবে আম্পায়ার কুমার ধর্মসেনা এগিয়ে এসে মিরাজকে সতর্ক করেন। নিজের অবস্থান ব্যাখ্যা করে মিরাজ জানান, বলের দিকে মনোযোগ থাকায় সামনে স্টার্ককে তিনি দেখতে পাননি।
আরও পড়ুনঃ প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি করলেন তানজিদ হাসান তামিম
মিরাজের সেই ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি স্টার্ক। আঙুল উঁচিয়ে তিনি মিরাজকে বলেন, ‘এটা আমার ফলো-থ্রু, তোমার নয়। উইকেট থেকে সরে যাও।’
এরপর বোলিং মার্কের দিকে ফিরে যাওয়ার সময় স্টার্ক আরও বলেন, ‘তুমি এখন আর বাংলাদেশে নেই, বুঝলে?’
সাবেক অস্ট্রেলীয় অধিনায়ক ও ধারাভাষ্যকার রিকি পন্টিং অবশ্য ঘটনাটিতে মিরাজের কোনো ইচ্ছাকৃত ভুল দেখছেন না। তার মতে, পরিস্থিতির কারণেই পিচের মাঝখান দিয়ে যেতে হয়েছিল বাংলাদেশি ব্যাটারকে।
পন্টিং বলেন, ‘আমার মনে হয় না এটা সে ইচ্ছাকৃত করেছে। যখন সে ওপরে তাকাল, তখন স্টার্ক তার সামনে চলে এসেছিল এবং সে বাধ্য হয়েই ফাস্ট বোলারের পাশ দিয়ে পিচের মাঝখান দিয়ে গেছে।’
মাঠের এই উত্তেজনার মধ্যেও ডারউইন টেস্টের দ্বিতীয় দিন নিজেদের নিয়ন্ত্রণেই রেখেছে বাংলাদেশ। দিন শেষে ৬ উইকেটে ৩৫১ রান তুলেছে নাজমুল হোসেন শান্তর দল। স্বাগতিক অস্ট্রেলিয়ার চেয়ে ১৫৩ রানে এগিয়ে আছে বাংলাদেশ, হাতে রয়েছে আরও ৪ উইকেট।
বাংলাদেশকে শক্ত অবস্থানে নেওয়ার পথে সবচেয়ে বড় ভূমিকা তানজিদ হাসান তামিমের। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ইতিহাস গড়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সেঞ্চুরি করা প্রথম বাংলাদেশি ব্যাটার হয়েছেন তিনি।
আরও পড়ুনঃ ডারউইন টেস্টে প্রথম দিন শেষে চালকের আসনে বাংলাদেশ
তানজিদ ১৮৮ বলে ৮টি চার ও একটি ছক্কায় ১০১ রানের ইনিংস খেলেন। অধিনায়ক শান্তর ব্যাট থেকেও আসে ৮৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস।
দিনের শেষ বলেও নাটকীয়তা ছিল। ক্যামেরন গ্রিনের হাতে ক্যাচ দিয়েও বেঁচে যান মিরাজ। ৩২ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। তার সঙ্গে ১৩ রানে উইকেটে আছেন হাসান মাহমুদ।
মিরাজ ও হাসানের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ৪০ রান। ফলে স্টার্ক-মিরাজের উত্তপ্ত বাক্যবিনিময়ের পরও ব্যাট হাতে জবাব দিয়ে শক্ত অবস্থান থেকেই তৃতীয় দিনের খেলা শুরু করবে বাংলাদেশ।

