অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর শান্তদের ফোন করলেন প্রধানমন্ত্রী

জিটি রিপোর্ট

প্রকাশ:

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর শান্তদের ফোন করলেন প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও দলের ক্রিকেটারদের ফোন করে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডারউইনে ৯ উইকেটের এই অবিশ্বাস্য জয়ের পর মাঠেই দলের ম্যানেজার নাফিস ইকবালের ফোনে ভিডিও কলে ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয় দেশের ক্রিকেট ইতিহাসে অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে। ২৩ বছর ধরে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাওয়া বাংলাদেশ এবার প্রথমবারের মতো স্বাগতিকদের হারানোর কীর্তি গড়েছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চোখেও এটি বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনগুলোর একটি।

আরও পড়ুনঃ জয়ের ‘১০০০ শতাংশ’ কৃতিত্ব দলের সবাইকে দিলেন তামিম

জয়ের পর প্রধানমন্ত্রীর সঙ্গে কী কথা হয়েছে, সংবাদ সম্মেলনে তা জানিয়েছেন নাজমুল। তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। আমাদের অভিনন্দন জানিয়েছেন। আমাদের শরীরের কী অবস্থা, ওটারও খোঁজখবর রেখেছেন যে আমরা ভালো আছি কি না।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের এই জয়টি এসেছে পুরো ম্যাচজুড়ে দাপুটে পারফরম্যান্সের মাধ্যমে। চলতি শতাব্দীতে ভারত ছাড়া এশিয়ার অন্য কোনো দল অস্ট্রেলিয়ার মাটিতে তাদের বিপক্ষে টেস্ট জিততে পারেনি। সেই কঠিন কন্ডিশনে বাংলাদেশ দলের এমন সাফল্যের পর ক্রিকেটাররা অভিনন্দন পেয়েছেন বিভিন্ন মহল থেকে।

অধিনায়ক নাজমুল জানিয়েছেন, প্রধানমন্ত্রী ছাড়াও বিসিবি সভাপতি তামিম ইকবাল ও স্বরাষ্ট্রমন্ত্রী দলের সঙ্গে যোগাযোগ করেছেন। তিনি বলেন, ‘আমাদের বোর্ড সভাপতি ফোন করেছেন, অভিনন্দন জানিয়েছেন, উনি অনেক খুশি। পাশাপাশি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও ফোন করেছিলেন, উনার সঙ্গে কথা হয়েছে। অভিনন্দন জানিয়েছেন।’

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়া বধের নায়ক হাসান মাহমুদ জানালেন সাফল্যের মূলমন্ত্র

ডারউইনের এই জয় দেশের মানুষের জন্যও বিশেষ মুহূর্ত হয়ে এসেছে বলে মনে করেন নাজমুল। তিনি বলেন, ‘আমাদের এখানে এই মোমেন্টগুলো স্পেশাল ছিল, ভালো লেগেছে ও আমি খুশি যে সবাই আমাদের এই জয়টা উপভোগ করছেন এবং আমি মনে করি যে দেশের মানুষ অনেক খুশি।’

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে থাকা অবস্থাতেই প্রধানমন্ত্রীর কাছ থেকে পাওয়া এই শুভেচ্ছা দলের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে পাওয়া এই জয় এখন বাংলাদেশের ক্রিকেটে নতুন আত্মবিশ্বাসের বার্তা দিচ্ছে।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!