প্যারাগুয়েকে ১–০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ফ্রান্স। তবে জয়ের পর ম্যাচের ফলের চেয়ে বেশি আলোচনায় এসেছে কিলিয়ান এমবাপ্পের মন্তব্য। প্রতিপক্ষের শারীরিক ও আগ্রাসী ফুটবলের সমালোচনা করে ফরাসি অধিনায়ক বলেছেন, প্রয়োজন হলে তাঁর দলও 'কুৎসিত ফুটবল' খেলতে জানে।
প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০০ ডিগ্রি ফারেনহাইট) তাপমাত্রায় অনুষ্ঠিত ম্যাচে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন এমবাপ্পে। সেই গোলেই জয় নিশ্চিত করে শেষ আটে জায়গা করে নেয় দিদিয়ের দেশমের দল।
আরও পড়ুনঃ সেমিফাইনালের পথে মরক্কোর বাধা টুর্নামেন্টের হট ফেবারিট ফ্রান্স
তবে পুরো ম্যাচজুড়ে শুধু প্রচণ্ড গরমই নয়, প্যারাগুয়ের শারীরিক ও আক্রমণাত্মক ফুটবলের সঙ্গেও কঠিন লড়াই করতে হয়েছে ফরাসিদের। ম্যাচের অধিকাংশ সময় জুড়ে ফাউল, শক্ত ট্যাকল এবং সংঘর্ষের মাধ্যমে ফ্রান্সের খেলোয়াড়দের চাপে রাখার চেষ্টা করে প্যারাগুয়ে। এতে কয়েকবার মাঠের পরিবেশও উত্তপ্ত হয়ে ওঠে।
ম্যাচ শেষে সেই অভিজ্ঞতা নিয়েই কথা বলেন এমবাপ্পে। তাঁর মতে, এমন একটি ম্যাচের জন্য তারা আগেই প্রস্তুত ছিলেন।
ফরাসি অধিনায়ক বলেন, 'আমরা জানতাম, কী ধরনের ম্যাচ অপেক্ষা করছে। আমার মনে হয়, আজ আমরা সেটি খুব ভালোভাবেই সামলেছি।'
প্রতিপক্ষের খেলার ধরন নিয়ে আরও কঠোর ভাষায় মন্তব্য করেন এমবাপ্পে। তিনি বলেন, 'ওরা ভেবেছিল আমরা বুঝি টাক্সেডো (আভিজাত্যপূর্ণ ও ভদ্র ফুটবল খেলা অর্থে) পরে মাঠে নামব এবং শুধু চোখধাঁধানো কিছু কৌশল দেখাব। কিন্তু বাস্তবতা ভিন্ন। প্রয়োজন হলে আমরাও কুৎসিত ফুটবল খেলতে জানি। আজ সেটাই করেছি।'
আরও পড়ুনঃ কানাডাকে উড়িয়ে কোয়ার্টার ফাইনালে মরক্কো
ম্যাচজুড়ে এমবাপ্পেকে একাধিকবার কঠিন ট্যাকলের শিকার হতে হয়েছে। তাঁকে উত্যক্ত করার চেষ্টাও করেছেন প্যারাগুয়ের খেলোয়াড়রা। ফলে দুই দলের ফুটবলারদের মধ্যে কয়েক দফা উত্তেজনাকর পরিস্থিতিরও সৃষ্টি হয়।
উজবেকিস্তানের রেফারি ইলগিজ তানতাশেভ ম্যাচে মোট চারটি হলুদ কার্ড দেখান। এর মধ্যে তিনটিই পায় ফ্রান্স, আর একটি দেখানো হয় প্যারাগুয়ের খেলোয়াড়কে।
প্যারাগুয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠা ফ্রান্স এবার মুখোমুখি হবে মরক্কোর। সেমিফাইনালে জায়গা নিশ্চিত করতে এমবাপ্পেদের সামনে অপেক্ষা করছে আরও কঠিন এক পরীক্ষা।

