ক্রিশ্চিয়ানো রোনালদোর সাম্প্রতিক আচরণ নিয়ে তীব্র সমালোচনা করেছেন সাবেক ফ্রান্স তারকা ক্রিস্টোফ দুগারি। তাঁর দাবি, রোনালদোর অহংকারই ধীরে ধীরে তাঁকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। একই সঙ্গে পর্তুগাল জাতীয় দলের হয়ে নিজের ক্যারিয়ারের সম্মানজনক সমাপ্তির সুযোগও রোনালদো নিজেই নষ্ট করছেন বলে মনে করেন ১৯৯৮ বিশ্বকাপজয়ী এই ফরাসি তারকা।
পর্তুগাল জাতীয় দলে রোনালদোর ভবিষ্যৎ নিয়ে যখন আলোচনা চলছে, তখনই দুগারির এমন মন্তব্য সামনে এসেছে। ফরাসি একটি রেডিও অনুষ্ঠানে রোনালদোর সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে কথা বলার সময় হতাশা প্রকাশ করেন সাবেক এই ফরোয়ার্ড।
দুগারি বলেন, ‘এটা আমাকে ক্লান্ত করে দিয়েছে। নিজের সতীর্থ ও দেশের প্রতি এত কম সম্মান দেখানো ভয়াবহ ব্যাপার।’
আরও পড়ুনঃ মেসির বিদায় অনুষ্ঠানসূচিতে থাকছে বিশেষ ‘চমক’
রোনালদোর সাম্প্রতিক আচরণ তাঁর আগের ভাবমূর্তির সঙ্গে একেবারেই মিলছে না বলে মনে করেন দুগারি। তাঁর ভাষ্য, ‘এটা আরও খারাপ লাগছে, কারণ এটা তার আগের ভাবমূর্তি নয়। সে সবসময় নিজেকে একজন সুস্থ, দলীয় খেলোয়াড়, অসাধারণ ও উদার মানুষ হিসেবে উপস্থাপন করেছে। কিন্তু গত কয়েক মাসে আমার মনে হচ্ছে সে বদলে গেছে। তার অহংকারই যেন তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে।’
রোনালদো চাইলে আরও সম্মানজনকভাবে ক্যারিয়ারের শেষটা করতে পারতেন বলেও মনে করেন দুগারি। তিনি বলেন, ‘সে এমনভাবে বিদায় নিতে পারত, যা সত্যিই বিশাল ও সম্মানজনক হতো। কিন্তু এখন সবকিছু নষ্ট হয়ে গেছে। সে কীভাবে আবার ফিরবে? আর ফিরেই বা কী করবে?’
একজন কিংবদন্তি খেলোয়াড়ের জন্য নিজের পারফরম্যান্সের সীমাবদ্ধতা বুঝতে পারাও গুরুত্বপূর্ণ বলে মনে করেন দুগারি। তাঁর মতে, কখন নিজের সেরা সময় শেষের দিকে চলে এসেছে, সেটি বুঝতে পারা একজন মহান খেলোয়াড়ের গুণের অংশ।
তিনি বলেন, ‘একজন মহান খেলোয়াড়ের প্রতিভার অংশ এটাও যে, সে বুঝতে পারবে কখন সে আর আগের মতো পারফর্ম করছে না। গত তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতাতেই সেটাই দেখা গেছে।’
আরও পড়ুনঃ অবসরের পর যে পেশায় দেখা যাবে মেসিকে
রোনালদোকে ছাড়া পর্তুগাল জাতীয় দল আরও কার্যকর বলে দাবি করেছেন দুগারি। তাঁর ভাষায়, ‘তার জাতীয় দল তাকে ছাড়া আরও কার্যকর। এখন তার উচিত ছিল দায়িত্ব হস্তান্তরের পর্যায়ে যাওয়া, নতুন প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেয়া।’
শুধু খেলার সময় নিয়ে কোচের সঙ্গে মতবিরোধের কারণে রোনালদোর মতো একজন কিংবদন্তিকে ঘিরে এমন পরিস্থিতি তৈরি হওয়াতেও হতাশ দুগারি। তাঁর মতে, ক্যারিয়ারের শেষ সময়ে রোনালদোর উচিত ছিল নতুন প্রজন্মকে জায়গা করে দেওয়া এবং জাতীয় দলের ভবিষ্যতের জন্য দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়ায় যাওয়া।

