চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে স্বাগতিক যুক্তরাষ্ট্র বিদায় নেওয়ার পর ইংল্যান্ডের প্রতি সমর্থন জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের টুর্নামেন্ট শেষ হয়ে যাওয়ায় এবার হ্যারি কেইনের নেতৃত্বাধীন ইংল্যান্ডকেই বিশ্বকাপ জিততে দেখতে চান হোয়াইট হাউজের শীর্ষ কর্মকর্তারা।
২০২৬ ফিফা বিশ্বকাপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি অ্যান্ড্রু গিউলিয়ানি এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীতে স্বাগতিক দল শিরোপা জিততে না পারলেও ইংল্যান্ডের হাতে ট্রফি ওঠা একটি স্মরণীয় গল্প হয়ে থাকবে।
আরও পড়ুনঃ মাঠে রেফারির সঙ্গে মেসির উত্তপ্ত বাগ্বিতণ্ডা, বেরিয়ে এলো গভীর রহস্য
তিনি বলেন, ‘আমেরিকার ২৫০তম জন্মদিনে আমরা যদি শিরোপা জিততে না পারি, তাহলে ইংল্যান্ড যদি আমাদের মাটিতে এসে ট্রফি জিতে নেয়, সেটিও হবে একটি অসাধারণ গল্প। প্রায় ৬০ বছরের শিরোপাখরা কাটিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ জেতা তাদের জন্য হবে দারুণ এক অর্জন। আমার বিশ্বাস, টুর্নামেন্টে টিকে থাকা দলগুলোর মধ্যে ইংল্যান্ড অন্যতম সেরা এবং সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল।’
গিউলিয়ানি আরও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের পারফরম্যান্স নিবিড়ভাবে অনুসরণ করছেন। ট্রাম্পের ফুটবলপ্রেমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘কয়েক বছর আগে প্রেসিডেন্ট ট্রাম্প ও ওয়েইন রুনির সঙ্গে আমার গলফ খেলার সুযোগ হয়েছিল। ট্রাম্প ফুটবল বেশ ভালোই বোঝেন। সম্ভবত তার ছেলে ব্যারন ট্রাম্পের আগ্রহ থেকেই এ খেলাটির প্রতি তার আগ্রহ তৈরি হয়েছে।’
ইংল্যান্ডের সম্ভাব্য বিশ্বকাপ জয়ে হ্যারি কেইনের ভূমিকাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। গিউলিয়ানি বলেন, ‘হ্যারি কেইন ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। দলটি যদি শিরোপা জেতে, তাহলে তার বড় কারণ হবেন কেইন। পাশাপাশি জুড বেলিংহামও অসাধারণ একজন ফুটবলার।’
আরও পড়ুনঃ সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠলেও র্যাঙ্কিংয়ে অবনমন আর্জেন্টিনার
হোয়াইট হাউজের এই সমর্থনের খবর এমন সময়ে সামনে এলো, যখন কয়েকদিন আগেই হ্যারি কেইন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে গলফ খেলার অভিজ্ঞতার কথা প্রকাশ করেছিলেন।
ইংল্যান্ড অধিনায়ক জানান, ২০২৪ সালের শেষদিকে ফ্লোরিডার পাম বিচে অবস্থানকালে ট্রাম্প তাকে একসঙ্গে গলফ খেলার আমন্ত্রণ জানান। সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে কেইন বলেন, ‘প্রেসিডেন্ট যখন আপনাকে আমন্ত্রণ জানান, সেটি সত্যিই অবিশ্বাস্য অনুভূতি। তার সঙ্গে দেখা করা এবং গলফ খেলা ছিল এক পরাবাস্তব অভিজ্ঞতা। এই বয়সেও তিনি দারুণ গলফ খেলেন। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি তার প্রতি কৃতজ্ঞ।’

