এআই নিয়ে কর্মীদের নতুন বার্তা দিলেন জাকারবার্গ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ:

জাকারবার্গ
জাকারবার্গ |ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগ করলেও এখনো প্রত্যাশিত অগ্রগতি অর্জিত হয়নি বলে জানিয়েছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জুকারবার্গ। তার ভাষ্য, এআই এজেন্ট তৈরির কাজ প্রত্যাশিত গতিতে এগোয়নি।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, সম্প্রতি এক অভ্যন্তরীণ সভায় কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন জুকারবার্গ। সেখানে তিনি বলেন, এআই এজেন্ট উন্নয়নের গতি প্রত্যাশার তুলনায় ধীর। ফলে নতুন সাংগঠনিক কাঠামোর পূর্ণ সুফলও এখনো পাওয়া যায়নি।

আরও পড়ুন: ইনভেস্ট বাংলাদেশ আইন ও নতুন আমদানি নীতি মন্ত্রিসভায় অনুমোদন

চলতি বছরের শুরুতে মেটা প্রায় ৮ হাজার কর্মী ছাঁটাই করে। একই সময়ে আরও ৭ হাজার কর্মীকে বিভিন্ন এআই-সংশ্লিষ্ট বিভাগে স্থানান্তর করা হয়। এসব বিভাগের মধ্যে ‘এজেন্ট ট্রান্সফরমেশন’ নামে একটি নতুন দলও রয়েছে।

জুকারবার্গ বলেন, কর্মী ছাঁটাইয়ের পুরো প্রক্রিয়াটি খুব মসৃণভাবে সম্পন্ন করা সম্ভব হয়নি। তবে প্রযুক্তি খাতের দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রতিষ্ঠানটিকে দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে।

তিনি আরো জানান, এআইকেন্দ্রিক নতুন কাঠামো থেকে যে সুফলের প্রত্যাশা করা হয়েছিল, তা এখনো পুরোপুরি দৃশ্যমান হয়নি। তবে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে এআই খাতে বিনিয়োগের ইতিবাচক ফলাফল দেখা যেতে পারে বলে তিনি আশাবাদী।

আরও পড়ুন: এনবিআরের কাস্টমস বিভাগে বড় রদবদল

এদিকে, বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়েছে, মেটার নতুন এআই ইউনিটে কাজের চাপ ও কর্মপরিবেশ নিয়ে অনেক প্রকৌশলী অসন্তোষ প্রকাশ করেছেন।

রয়টার্সের তথ্য অনুযায়ী, চলতি বছর এআই অবকাঠামো উন্নয়নে প্রায় ১৪ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে পারে মেটা। প্রতিষ্ঠানটি ভবিষ্যৎ প্রবৃদ্ধির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে এআই প্রযুক্তিকেই গুরুত্ব দিচ্ছে।

তবে জুকারবার্গের সাম্প্রতিক বক্তব্যে স্পষ্ট হয়েছে, বিপুল বিনিয়োগ সত্ত্বেও এআই এজেন্টকে প্রত্যাশিত পর্যায়ে পৌঁছে দিতে মেটার আরও সময় প্রয়োজন।

মন্তব্য (0)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!