নটর ডেম কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদের ১৫ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে ১৭ সেপ্টেম্বর দুপুর ২টার মধ্যে অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি সম্পন্ন না করলে পরে আর ভর্তির সুযোগ দেওয়া হবে না। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) চূড়ান্ত তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত শিক্ষার্থীদের নটর ডেম কলেজের ওয়েবসাইটে গিয়ে ভর্তি ফরম পূরণ করতে হবে। এরপর বিকাশ অ্যাপের মাধ্যমে নির্ধারিত ভর্তি ও অন্যান্য ফি পরিশোধ করতে হবে।
অনলাইনে ফরম পূরণ ও টাকা পরিশোধের পর ভর্তি ফরমটি ডাউনলোড করে এ–ফোর সাইজের সাদা কাগজে উভয় পৃষ্ঠা প্রিন্ট করে নিজের কাছে রাখতে হবে। প্রিন্ট করা ভর্তি ফরম ১৮ সেপ্টেম্বর কলেজে এসে জমা দিতে হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য ১৭ সেপ্টেম্বর সন্ধ্যার মধ্যে কলেজের ওয়েবসাইটে জানানো হবে।
আরও পড়ুন: এসএসসি পাস করেও একাদশে ভর্তির আবেদন করেনি প্রায় দেড় লাখ শিক্ষার্থী
অনলাইনে ভর্তি ফরম পূরণে কোনো সমস্যা হলে ০১৯৩৩৩২২৫৩০ ও ০১৯৩৩৩২২৫৩১ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ভর্তি ফি কত
বিভাগভেদে ভর্তি ফি জানিয়ে দিয়ে নটর ডেম কলেজ। বিজ্ঞান বিভাগের বাংলামাধ্যমের শিক্ষার্থীদের মোট ২৩ হাজার ৫৭৩ টাকা ৪০ পয়সা জমা দিতে হবে। এর মধ্যে ভর্তি ফি ৭ হাজার ৫০০ টাকা, জুলাই ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত টিউশন ফি ১২ হাজার টাকা, কলেজ ড্রেস, খাতা, ব্যাগ, টি-শার্ট, ল্যাব ও অন্যান্য খাতে ৩ হাজার ৫০০ টাকা এবং শিক্ষা বোর্ড রেজিস্ট্রেশন ফি ৩৪০ টাকা। এসব মিলিয়ে ফি ২৩ হাজার ৩৪০ টাকা। এর সঙ্গে ১ শতাংশ অনলাইন চার্জ ২৩৩ টাকা ৪০ পয়সা যোগ হয়ে মোট ২৩ হাজার ৫৭৩ টাকা ৪০ পয়সা দিতে হবে।
বিজ্ঞান বিভাগের ইংরেজি ভার্সনের শিক্ষার্থীদের মোট ৩৪ হাজার ২৭৯ টাকা ৪০ পয়সা দিতে হবে। এ ক্ষেত্রে ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা, জুলাই ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত টিউশন ফি ২১ হাজার ৬০০ টাকা, কলেজ ড্রেস, খাতা, ব্যাগ, টি-শার্ট, ল্যাব ও অন্যান্য খাতে ৩ হাজার ৫০০ টাকা এবং বোর্ড রেজিস্ট্রেশন ফি ৩৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। সব মিলিয়ে মূল ফি ৩৩ হাজার ৯৪০ টাকা। এর সঙ্গে ১ শতাংশ অনলাইন চার্জ ৩৩৯ টাকা ৪০ পয়সা যোগ হবে।
আরও পড়ুন: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সুইডেনের ১০ স্কলারশিপ
ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের মোট ১৯ হাজার ৫৩৩ টাকা ৪০ পয়সা দিতে হবে। এ ক্ষেত্রে ভর্তি ফি ৭ হাজার ৫০০ টাকা, জুলাই ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত টিউশন ফি ৯ হাজার টাকা, কলেজ ড্রেস, খাতা, ব্যাগ, টি-শার্ট, ল্যাব ও অন্যান্য খাতে ২ হাজার ৫০০ টাকা এবং বোর্ড রেজিস্ট্রেশন ফি ৩৪০ টাকা। সব মিলিয়ে মূল ফি ১৯ হাজার ৩৪০ টাকা। এর সঙ্গে ১ শতাংশ অনলাইন চার্জ ১৯৩ টাকা ৪০ পয়সা যোগ হয়ে মোট ফি দাঁড়াবে ১৯ হাজার ৫৩৩ টাকা ৪০ পয়সা।
মানবিক বিভাগের শিক্ষার্থীদেরও মোট ১৯ হাজার ৫৩৩ টাকা ৪০ পয়সা ফি হিসেবে জমা দিতে হবে। এ বিভাগের ভর্তি ফি ৭ হাজার ৫০০ টাকা, জুলাই ২০২৬ থেকে ডিসেম্বর ২০২৬ পর্যন্ত টিউশন ফি ৯ হাজার টাকা, কলেজ ড্রেস, খাতা, ব্যাগ, টি-শার্ট, ল্যাব ও অন্যান্য খাতে ২ হাজার ৫০০ টাকা এবং বোর্ড রেজিস্ট্রেশন ফি ৩৪০ টাকা। সব মিলিয়ে মূল ফি ১৯ হাজার ৩৪০ টাকা এবং এর সঙ্গে ১ শতাংশ অনলাইন চার্জ ১৯৩ টাকা ৪০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: কলেজে মোবাইল আনায় শিক্ষার্থীর মোবাইল ভেঙে দিলেন শিক্ষক
আসন খালি থাকা সাপেক্ষে ২য় তালিকা ১৭ সেপ্টেম্বর
চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর আসন খালি থাকা সাপেক্ষে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হবে। ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যায় লিখিত পরীক্ষার মেধাক্রম অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য দ্বিতীয় তালিকা নটর ডেম কলেজের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
দ্বিতীয় তালিকায় থাকা শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা ভর্তির সুযোগ পাবে, তাদের ওই দিনই বেলা ৩টার মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

